কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে গতকাল সুইডেন ভিত্তিক অনলাইন পোর্টাল নেত্র নিউজ একটি সংবাদ প্রচার করে। সেই সংবাদে ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়টি কাল্পনিকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। প্রায় ১৪ মিনিটের ‘ভিডিও ও টেকস্ট কনটেন্টে’ যেসব তথ্য নেত্র নিউজ দিয়েছে তার ৮০ ভাগই ভুল বলে দাবি করেছেন ইলিয়াস পত্নী তসলিমা রশিদ লুনা।
আজ সোমবার সকালে সিলেটের অনলাইন গণমাধ্যম ‘সিলেট ট্রিবিউনের’ সাথে আলাপকালে এমন দাবি করেন লুনা। তিনি বলেন, ‘গতকাল রোববার রাতে আমি নেত্র নিউজের পুরো ভিডিওটা দেখেছি। সেখানে আমার স্বামীর যে মোবাইল নম্বর তারা প্রচার করেছে সেটা আমার স্বামীর নয়। এছাড়া আমার গাড়ির ড্রাইভার নিয়েও তারা ভুল তথ্য দিয়েছে। আমি ঘটনার দিন রাতে আমার স্বামীর সঙ্গে রাতে কথা বলেছি। অথচ নেত্র নিউজ বলছে রাত ১১ টা থেকে ইলিয়াস আলীর মুঠোফোন বন্ধ। যা সম্পূর্ণ কাল্পনিক।’
লুনা আর বলেন, ‘এছাড়া নেত্র নিউজ দাবি করেছে র্যাব আমার স্বামীকে গুম করেছে। এটাও মিথ্যা কথা। কারণ আমার স্বামী গুম হওয়ার পরে র্যাব তাঁকে খুঁজতে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। নেত্র নিউজ এমন বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করবে আমার ধারণা ছিলো না। এমন কিছু আঁচ করতে পারলে আমি নেত্র নিউজের মুখোমুখি হতাম না। নেত্র নিউজের এমন ভুল সংবাদ জনমনে বিভ্রান্তি তৈরী হতে পারে।












